উচ্চ শিক্ষায় প্রযুক্তির ব্যবহার ও অনলাইন শিক্ষায় যথাযথ মূল্যায়নের আহ্বান
অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও প্রযুক্তির সহযোগিতা নিয়ে দেশের উচ্চশিক্ষা খাতকে এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
এ বিষয়ে ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, উচ্চশিক্ষায় অনলাইনে পাঠদানের মূল বাধা হয়ে দাঁড়িয়েছে মূল্যায়ন। শিক্ষার্থীদের মূল্যায়ন যেন সঠিক হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে।
মূল্যায়ন নিয়ে কোনো ধরনের প্রশ্ন দেখা দিলে অনলাইন শিক্ষার অর্জন প্রশ্নবিদ্ধ হবে বলে আগেভাগেই সতর্ক করেন তিনি।
‘ভার্চ্যুয়াল স্পিকার প্রোগাম অন অনলাইন অ্যাসেসমেন্টস স্ট্রাটেজিস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এই সতর্কতার বিষয়টি তুলে ধরেন ইউজিসি সদস্য।
অনুষ্ঠানে প্রফেসর মুহাম্মদ আলমগীর জানিয়েছেন, করোনা মহামারিতে শিক্ষার্থীরা যাতে পড়াশোনা থেকে দূরে সরে না যায় এবং বড় রকমের সেশন জটে না পড়ে সেজন্যে ইউজিসি শর্তসাপেক্ষে অনলাইন শিক্ষার অনুমোদন দিয়েছে। অনলাইন শিক্ষা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের ডিভাইস, ইন্টারনেটের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ উচ্চশিক্ষার ক্ষেত্রে যাতে পিছিয়ে না পড়ে সেজন্য ব্লেন্ডেড লার্নিং নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজ করা হয় এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে, ‘অ্যাসেসিং লার্নিং অনলাইন অবজেকটিভ অ্যাসেসমেন্টস অ্যান্ড অ্যাড্রেসিং চিটিং’ শীর্ষক মূল বিষয়বস্তু উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকো’র অর্গানাইজেশন, ইনফরমেশন অ্যান্ড লার্নিং সায়েন্সেস- এর সহযোগী অধ্যাপক ড. স্টেফানি এল মুর।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংস্কৃতি বিষয়ক বিশেষজ্ঞ রায়হানা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে পাবলিক অ্যাফেয়ার্স অফিসার প্রফেসর শন ম্যাকেনতশ, ইউজিসি’র আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া যুক্ত ছিলেন। অনুষ্ঠানে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৬০০-র বেশি শিক্ষক অংশ নেন।